দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর সংলগ্ন মুহুরী নদী থেকে নিখোঁজের একদিন পর মো. শাকিব (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শাকিব চট্টগ্রামের বাসিন্দা। তিনি আলী হোসেনের ছেলে। স্বজনদের সঙ্গে দেখা করতে ফেনীর পরশুরাম উপজেলার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শনিবার দুপুর দেড়টার দিকে পশ্চিম অলকা জঙ্গলঘোনা এলাকার মুহুরী নদীতে গোসল করতে নামেন শাকিব। এ সময় স্থানীয় আরও দুই নারীও নদীতে গোসল করছিলেন। গোসলের একপর্যায়ে শাকিব হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে শনিবার বিকেলে পরশুরাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি। কিন্তু শনিবার তাকে খুঁজে পাওয়া যায়নি। রোববার নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
জে আই